আরও সামনের দিকে পদ্মা সেতু, শেষ হয়েছে রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ
মুন্সিগঞ্জ, ২৩ আগস্ট, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আরও সামনের দিকে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণকাজ। সেতুতে রেলপথের স্ল্যাব বাসানোর দুমাসের মাথায় শেষ হলো সড়কপথের স্ল্যাব বসানোর কাজ। সড়কপথে মোট ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানো হয়েছে।
চলতি বছরের ২০ জুন শেষ হয়েছিল দ্বিতল সেতুর রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ।
সোমবার (২৩ আগস্ট) সকাল ১০টা ১২ মিনিটের দিকে সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারে সর্বশেষ স্ল্যাব বসানোর কাজ শেষ হয়। এতে ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুতে পূর্ণাঙ্গ রূপ পেলো সড়কপথ।
পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।
রোববার পর্যন্ত সেতুর ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে বসানো হয়েছিল ২ হাজার ৯১৪টি। রাত থেকে বাকি তিনটি স্ল্যাব বসানোর কাজ চলছিল। রাতে দুটি ও বাকি থাকা একটি স্ল্যাব সকাল ১০টা ১২ মিনিটে বসানো হয়।
চলতি বছরের জুলাই পর্যন্ত সেতু প্রকল্পের সার্বিক কাজ এগিয়েছে ৮৭ দশমিক ২৫ শতাংশ। আর মূল সেতুর কাজের অগ্রগতি ৯৪ দশমিক ২৫ শতাংশ।


