১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১১:৪৮
আমার বিক্রমপুরের ফেসবুক পেজ এখন ‘ভেরিফায়েড’
খবরটি শেয়ার করুন:
283

মুন্সিগঞ্জ, ২১ জুন ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের স্থানীয় সংবাদভিত্তিক ও ঢাকা বিভাগের সবচেয়ে জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার বিক্রমপুরের ফেসবুক পেজ এখন ভেরিফায়েড। এর অর্থ হচ্ছে-  আমার বিক্রমপুর এর একমাত্র অফিসিয়াল ফেসবুক ফ্যানপেজ এটিই।

লিংক:  Amar Bikrampur

২০১৫ সালের ১১ আগস্ট থেকে ‘সত্যই শক্তি’ স্লোগান নিয়ে ওয়েবসাইট, ইউটিউব এবং জনপ্রিয় ও সমাদৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কার্যক্রম পরিচালনা করে আসছে আমার বিক্রমপুর। বর্তমানে এর মাসিক ওয়েব ভিজিটরের সংখ্যা প্রায় ২ লাখ, ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা ১৫,০৭৫ ও ফেসবুক অনুসারীর সংখ্যা ৩ লাখ ৫৪ হাজারেরও বেশি।

অর্থাৎ আমার বিক্রমপুর সবচেয়ে বেশি জনপ্রিয় ফেসবুকে। সেখানকার রিপোর্ট অনুযায়ী, প্রতি মাসে পেজটি পৌছায় ৫০-৬০ লাখ মানুষের কাছে।

গত ২৮ দিনে (২১ জুন স্কিনশটটি নেয়া) আমার বিক্রমপুর ৫২ লাখ ১৩ হাজার ৮০৫ জন ফেসবুক ব্যবহারকারীর টাইমলাইনে দেখা গেছে। ফেসবুক কতৃক এই তথ্যটি উন্মুক্ত এবং যাচাইযোগ্য।

আমার বিক্রমপুর স্থানীয় অপরাধ, সামাজিক সমস্যা, অনিয়ম, প্রশাসনিক ব্যর্থতা ও জনদুর্ভোগ কেন্দ্রিক সংবাদে বেশি প্রাধান্য দেয়। এর নানামুখী প্রভাব থাকায় প্রভাবশালীরা অনেক সময় চাপ সৃষ্টি করেন ও পত্রিকা বন্ধের হুমকি দেন। শুধু লিখিত নয়, ভিডিও ও ছবিসহ প্রতিবেদন করে থাকে আমার বিক্রমপুর। যা যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রভাব তৈরি করে।

জাতীয় সংবাদমাধ্যম যেখানে অনেক সময় পিছিয়ে পড়ে, সেখানে আমার বিক্রমপুর স্থানীয় খবর বা সমস্যাগুলো নিজস্ব ভঙ্গিতে সামনে নিয়ে আসে। মুন্সিগঞ্জের একেবারে যোগাযোগবিচ্ছিন্ন, নদীবেষ্টিত গ্রাম পর্যায় পর্যন্ত এই পত্রিকার পাঠক রয়েছেন। স্থানীয় সাংবাদিকতা, সংস্কৃতি ও জনগণের সমস্যা তুলে ধরার এটি একটি শক্তিশালী মাধ্যম হিসেবে বহু বছর ধরে পরিচিত।

পত্রিকাটির বিরুদ্ধে কোনো কোনো সময় কিছু রাজনৈতিক পক্ষাবলম্বনের অভিযোগ রয়েছে পাঠকের পক্ষ থেকে। এছাড়া পত্রিকাটির প্রতিষ্ঠাতা সাংবাদিক শিহাব আহমেদের রাজনৈতিক অতীত পরিচয় নিয়েও সমালোচনা রয়েছে।

তবে তিনি নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার চেষ্টা, জনগণের কথা ‍তুলে ধরার চেষ্টা ও সাংবাদিকতায় সাহসী ভূমিকার জন্য প্রশংসনীয়। অলিখিত-অপ্রকাশিত বিষয়, অপরাধ ও সামাজিক ইস্যুর প্রতি তার আগ্রহ বেশি।

অক্টোবর ২০১৫ সালে মাদকবিরোধী প্রতিবেদনের জন্য তার উপর হামলা হয়। ১৪ ফেব্রুয়ারি ২০২১ সালে মিরকাদিম পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের হাজী আমজাদ আলী কলেজ মাঠে ভোটকেন্দ্রের সামনে ‘নির্বাচনী অনিয়ম’ ধারণ করার সময় ছাত্রলীগ নেতাকর্মীরা তার উপর হামলা করে মোবাইল ছিনিয়ে নেয়।

২০১৬ সালে মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে অবৈধ আগ্নেয়াস্ত্র হাতে গুলি করা অবস্থায় শিপন পাটোয়ারি নামের এক যুবলীগ নেতার ছবিসহ প্রতিবেদন প্রকাশ করে আমার বিক্রমপুর। এর জেরে শিহাব আহমেদকে তুলে নিয়ে মারধর ও জিম্মি করে আপত্তিকর ছবি তুলে রাখে ক্ষুব্ধ পক্ষটি। এর জেরে ২০১৬ সালের ২৫ ডিসেম্বর সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রাবাসের কলেজ শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সভাপতি নিবিরের রুমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার করে পুলিশ।

২০১৯ সালে ‘মুন্সিগঞ্জে প্রকাশ্যে মাদক ব্যবসার মূলহোতা কারা?’ শিরোনামে আমার বিক্রমপুর পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হলে ‘ডিজিটাল নিরাপত্তা আইনে’ মামলার শিকার হন শিহাব আহমেদ। পরে ২০২৩ সালের ১৭ মে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত তাকে মামলা থেকে নিঃশর্ত অব্যাহতি দেন।

চলতি বছরের ১০-১১ মে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে দু’জন তরুণীকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আমার বিক্রমপুর তা বিস্তারিতভাবে প্রকাশ করে।

এতে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমর্থক দাবিদার একটি গোষ্ঠী মুন্সিগঞ্জ প্রেসক্লাবে ঢুকে শিহাব আহমেদকে হুমকি দেয়। এসময় তারা ‘দেখে নেওয়া’ ও ‘সংবাদ কিভাবে করতে হবে’ নির্দেশ দেওয়ার চেষ্টা করে। পরে ওই পক্ষটি ১৬ মে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে শিহাব আহমেদের ছবি ব্যবহার করে আমার বিক্রমপুর বন্ধের দাবিতে ‘মুন্সিগঞ্জের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মানববন্ধন কর্মসূচি করে। ২২ মে আমার বিক্রমপুর বন্ধের হুমকির প্রতিবাদে আরেকটি মানববন্ধন হয় একই জায়গায়। যেখানে মুন্সিগঞ্জের জুুলাই শহিদ পরিবারের সদস্য ও আহত গেজেটেড জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকতার জন্য হয়রানি ও হুমকির মুখেও আমার বিক্রমপুর অটল- ২০২১ সালের ১১ এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কতৃক অভিবাসন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের জন্য শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে ‘ওকাপ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০’ গ্রহণ করেন তৎকালীন আমার বিক্রমপুর সম্পাদক শিহাব আহমেদ।

২০২৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর উদ্যোগে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর আয়োজনে ‘যুবদের জন্য উন্নয়ন সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালায় অর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য’র কাছ থেকে সনদ গ্রহণ করেন তৎকালীন আমার বিক্রমপুর সম্পাদক শিহাব আহমেদ।

এছাড়া আমার বিক্রমপুর ২০২০ সালে মুন্সিগঞ্জের বিভিন্ন পর্যায়ে কর্মরত ৪৫ জনকে ‘গুনীজন সম্মাননা’ দেয়। একইবছর বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি টুর্নামেন্টের আয়োজন করে আমার বিক্রমপুর।

তবে, আমার বিক্রমপুর পত্রিকাটি স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এখনও স্বনির্ভর নয়। অর্থনৈতিক দিক থেকে এটি এখনো ডিজিটাল বিজ্ঞাপন ও অনুদাননির্ভর।