আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে জায়গা করে নিল মুন্সিগঞ্জের আর্জেন্টিনা ভক্তরা, বিশ্বমঞ্চে শহর
32

মুন্সিগঞ্জ, ২৯ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেটে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাসের একটি ছবি জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ানে।’

‘They’re defeating nations who occupied’: inside Bangladesh’s World Cup love affair with Argentina and Brazil শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে যুক্ত হয়েছে মুন্সিগঞ্জের ছবি।

ছবিটি তুলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী রায়হান আহমেদ। তিনি একইসঙ্গে মুন্সিগঞ্জভিত্তিক সংবাদমাধ্যম আমার বিক্রমপুর-এর প্রধান আলোকচিত্রী।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ঘিরে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় অঙ্কুরিত ‘যুদ্ধ ৭১’ ভাস্কর্যকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনার মুহূর্ত ক্যামেরাবন্দি করেন রায়হান আহমেদ। গত ২৩ জুন আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ম্যাচকে ঘিরে তোলা ছবিটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়।

বিশ্বকাপের ম্যাচগুলো ঘিরে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেটে প্রতিদিন হাজারো ফুটবলপ্রেমীর সমাগম হচ্ছে। প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখতে নীল-সাদা জার্সি পরে ভিড় করেন সমর্থকেরা। তাদের উচ্ছ্বাস, আবেগ ও উদযাপনের দৃশ্যই ফুটে উঠেছে রায়হান আহমেদের ছবিতে।

দ্য গার্ডিয়ানে বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের বিশ্বকাপ উন্মাদনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে ছবিটি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তার তোলা এ ছবি জুমা প্রেস, রয়টার্স কানেক্টসহ আন্তর্জাতিক বিভিন্ন ফটো প্ল্যাটফর্মেও প্রকাশিত হয়েছে।

রায়হান আহমেদ গত ১০ বছর ধরে নিয়মিত আলোকচর্চার সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক অঙ্গনে তিনি একজন পরিচিত ও পুরস্কৃত আলোকচিত্রী হিসেবে সুপরিচিত। ২০২৩ সালে হংকংয়ে অনুষ্ঠিত পৃথিবী বিষয়ক আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় তিনি বিজয়ী হন। পরবর্তীতে ২০২৪ সালে একই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।

২০২৫ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত ডেভথন–৬ আলোকচিত্র প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন তিনি। একই বছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘তারুণ্যের উৎসব’ আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেন।

এ ছাড়া ২০২৩ সালে সুইজারল্যান্ডের ‘ওয়াইল্ড হর্ন’ আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ী হন রায়হান আহমেদ। তার উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতির মধ্যে রয়েছে—দুবাইয়ের ট্রান্সফরমেটিভ আরবান কলিশনস, কপ–২৮ সংযুক্ত আরব আমিরাত পুরস্কার, আরবান ফটো অ্যাওয়ার্ডস ২০২৩, মস্কো ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড, হামদান বিন মোহাম্মদ বিন রশীদ আল মাখতুম আন্তর্জাতিক আলোকচিত্র মেডেল, স্পেনের মেমোরিয়াল মারিয়া লুসিয়া পুরস্কার, ইউনেস্কোর আইসিএম মার্শাল আর্ট পুরস্কার এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পুরস্কার।

শিক্ষাজীবনে রায়হান আহমেদ মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা মহাবিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে আলোকচিত্র বিষয়ে বিভিন্ন কোর্স সম্পন্ন করেন সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউশন (পাঠশালা) থেকে।

তার তোলা আলোকচিত্র ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে স্থান পেয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফার্স্টহ্যান্ড ক্যালেন্ডারসহ দেশি-বিদেশি বিভিন্ন ক্যালেন্ডার, জার্নাল ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে তার ছবি।

দ্য গার্ডিয়ান, রয়টার্স, টাইম ম্যাগাজিন (অনলাইন), ডেইলি টেলিগ্রাফ, ইউরোপা প্রেস, জুমা প্রেসসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে তার আলোকচিত্র প্রকাশিত হয়েছে। লন্ডনের ‘উইজডেন এমসিসি ক্রিকেট ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২০’ ফটোবুকেও স্থান পেয়েছে তার তোলা ছবি।

এ পর্যন্ত ১২০টির বেশি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করা রায়হান আহমেদের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে চীন, ইতালি, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডসহ বিশ্বের ১৮টি দেশে।

তিনি মুন্সিগঞ্জ জেলার উত্তর ইসলামপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় ঐতিহ্যবাহী সংগঠন নবজোয়ার সংঘের সদস্য।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ