মুন্সিগঞ্জে ভোক্তার অভিযান: নিম্নমানের পানি ও ভুয়া সার্টিফিকেটের স্টিকার লাগিয়ে তৈরি হচ্ছিল আইসক্রিম
মুন্সিগঞ্জ, ২ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির জন্য সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার কনকসার বাজার ও নাগেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কনকসার বাজারের বিসমিল্লাহ বাণিজ্যালয়ে মনিটরিং করে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করতে দেখা যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ শান্ত মোড়লকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে নাগেরহাট এলাকার প্রীতি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটির বিএসটিআইয়ের লাইসেন্স না থাকলেও বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছিল। আইসক্রিম তৈরির কাজে নিয়োজিত কর্মীদের হাত ধোয়ার জন্য কোনো সাবানও রাখা হয়নি।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ মকবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম হাসান মজুমদার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল হাসান এবং লৌহজং থানা পুলিশের একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









