মুন্সিগঞ্জে বাড়ির উঠানে গাছ লাগিয়ে নিয়মিত গাঁজা বিক্রি করতেন তিনি, ৫টি গাছসহ গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ১১ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ রাম প্রসাদ বাড়ৈ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে সিরাজদিখান থানা পুলিশের শেখরনগর তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানে শেখরনগর তদন্ত কেন্দ্রের এসআই আক্কাস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে নয়ানগর গ্রামের রাম প্রসাদ বাড়ৈ (৪২) নামে এক ব্যক্তির নিজ বসতবাড়ির গোয়াল ঘরের পাশে রোপণ করা ছোট-বড় ৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। তিনি মৃত সন্তোষ বাড়ৈর ছেলে।
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সঞ্জিত কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা গাছসহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই ব্যক্তি গাছ থেকে নিয়মিত গাঁজা বিক্রি করতেন।









