মুন্সিগঞ্জে বাড়িতে গাঁজা গাছ লাগিয়ে পরিচর্যা করছিলেন এক ব্যক্তি, ধরলো পুলিশ
মুন্সিগঞ্জ, ১২ আগস্ট ২০২৬, শেখ রাসেল ফখরুদ্দীন, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে দুটি গাঁজা গাছসহ মো. মোমিন ঢালী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি ওই গাঁজা গাছ দুটির পরিচর্যা করতেন।
গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোমিন ঢালী পশ্চিম পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল ঢালীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম পাইকপাড়া এলাকার মোমিন ঢালীর একচালা টিনের ঘরের দক্ষিণ পাশ থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি গাছের উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি এবং অপরটির উচ্চতা প্রায় ৩ ফুট ৯ ইঞ্চি। পুলিশ বলছে, মোমিন ঢালী ওই গাঁজা গাছ দুটির পরিচর্যা করতেন।
এ ঘটনায় টংগিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে আজ বুধবার (১২ আগস্ট) গ্রেপ্তার মোমিন ঢালীকে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।









