মুন্সিগঞ্জে নিখোঁজের একদিন পর ডোবায় মিললো অটোচালকের মরদেহ
198

মুন্সিগঞ্জ, ২৮ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে নিখোঁজের একদিন পর ডোবা থেকে উদ্ধার হয়েছে অটোরিকশা চালক ফয়সাল ঢালীর (১৪) মরদেহ। গতকাল একই জায়গায় তার চালিত অটোরিকশাটি পাওয়া যায়।

থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৭ আগস্ট) সকাল ৭ টার দিকে অটোরিকশা নিয়ে বের হয় ফয়সাল। দুপুর ১২টার দিকে বাড়িতে এসে দ্বিতীয় দফায় বের হয় ফয়সাল। তবে পরে আর বাড়ি ফেরেনি সে। বিকাল ৩টার দিকে ফুলতলা রোডের পাশে তার অটোরিকশাটি দেখতে পায় ছোট ভাই। খোঁজাখুঁজি করেও ফয়সালকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ওইদিনই মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ফয়সালের মা ফাতেমা বেগম।

একইদিন সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলের পাশের একটি ঝোপে ইজিবাইকের একটি ব্যাটারি দেখতে পান স্থানীয়রা। ইজিবাইকে মোট চারটি ব্যাটারি থাকলেও নিখোঁজ ছিল তিনটি। এরপরও ফয়সালের কোনো সন্ধান মেলেনি।

অবশেষে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৬টার দিকে একই স্থানের পানিতে ডুবন্ত অবস্থায় ফয়সালের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের পরিবার দাবি করেছে, ফয়সালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অটোরিকশা ও মরদেহ একই স্থানে পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ