মুন্সিগঞ্জে তালগাছ থেকে পড়ে প্রাণ গেল যু্বকের
মুন্সিগঞ্জ, ৮ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় তালগাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মুরাদ কবিরাজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মুরাদ কবিরাজ উপজেলার রবনগরকান্দি গ্রামের আলম কবিরাজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে রবনগরকান্দি গ্রামে একটি তালগাছে ওঠার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন মুরাদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর প্রায় দেড়টার দিকে তার মৃত্যু হয়।
টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তালগাছ থেকে পড়ে আহত হওয়ার পর এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।









