মুন্সিগঞ্জ শহরে পথ দেখিয়ে দেওয়ার কথা বলে তরুণীর স্বর্ণের চেইন চুরি, জড়িতকে খুঁজছে পুলিশ
মুন্সিগঞ্জ, ১০ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরের মৃধাবাড়ি এলাকায় পথ দেখিয়ে দেওয়ার কথা বলে এক তরুণীর স্বর্ণের চেইন চুরির ঘটনা ঘটেছে। সম্প্রতি ঘটে যাওয়া এ ঘটনার সময়কার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
জানা যায়, পথ খুঁজতে সহায়তা চাওয়ার একপর্যায়ে ওই তরুণীর স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। পরে এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেন।
ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তবে এখনো অভিযুক্ত যুবককে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিমউদ্দিন জানান, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে। কেউ ওই যুবককে চিনে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে মুন্সিগঞ্জ সদর থানায় যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
তথ্য প্রদান করতে যোগাযোগ: ০১৩২০০৯৩৩৭৪ (ওসি, সদর থানা- মুন্সিগঞ্জ)









