মুন্সিগঞ্জ: ভালোবেসে বিয়ে, স্ত্রী মৃত্যুর শোকে ভেঙে পড়া স্বামীও মারা গেলেন ১৬ দিন পর
10

মুন্সিগঞ্জ, ৩ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

প্রায় ৩০ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন হরি আচার্য ও রুচি আচার্য। দীর্ঘ দাম্পত্য জীবনে সুখ-দুঃখের সঙ্গী ছিলেন দুজন। কিন্তু সেই ভালোবাসার সংসারে হঠাৎ নেমে আসে নির্মম পরিণতি। মাদকাসক্ত দেবরের ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী রুচি আচার্যের মৃত্যুর ১৬ দিনের মাথায় মারা গেলেন স্বামী হরি আচার্যও। স্ত্রীকে হারানোর শোক যেন কিছুতেই সামলে উঠতে পারেননি তিনি।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুলে ঘটেছে হৃদয়বিদারক এ ঘটনা।

গত ১৮ আগস্ট ভাগ্যকুল এলাকায় মাদকাসক্ত দেবর রুহি আচার্যের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তার ভাবি রুচি আচার্য (৪৫)। পরে পাঁচ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যান তিনি।

স্ত্রীকে হাসপাতালে ভর্তি করার খবর পেয়ে তখন কুয়েতে থাকা হরি আচার্য ছুটে আসেন দেশে। কিন্তু দেশে ফিরেও স্ত্রীকে আর বাঁচাতে পারেননি। প্রিয় মানুষটির মৃত্যুর পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হরি আচার্য। স্ত্রীর মৃত্যুর মাত্র ১৬ দিনের ব্যবধানে তারও মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

স্বজনেরা জানান, প্রায় তিন দশক আগে ভালোবেসে বিয়ে করেছিলেন হরি ও রুচি। সময়ের সঙ্গে সংসারে নানা টানাপোড়েন এলেও তাদের দাম্পত্যের বন্ধন ছিল দৃঢ়। একসঙ্গে জীবন কাটানোর পর শেষ পর্যন্ত মৃত্যুতেও যেন পাশাপাশি চলে গেলেন তারা।

তাদের সংসারে রয়েছে দুই কন্যাসন্তান। বাবা-মা দুজনকেই হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছে মেয়েরা। তাদের মধ্যে ছোট মেয়ে ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। অল্প সময়ের ব্যবধানে মা ও বাবাকে হারিয়ে শোকে প্রায় নির্বাক হয়ে পড়েছে সে।

মাত্র ১৬ দিনের ব্যবধানে বাবা-মা দুজনকে হারানোর এই শোক কীভাবে সামলাবে—তা নিয়ে দুশ্চিন্তায় স্বজন ও প্রতিবেশীরা।

স্থানীয়দের ভাষ্য, রুচি আচার্যের ওপর হামলা এবং পরে তার স্বামীর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। একই পরিবারের দুই প্রিয় মানুষকে এমন অল্প সময়ের ব্যবধানে হারানোর ঘটনা নাড়া দিয়েছে স্থানীয়দেরও।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ