৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১২:০৮
ফ্যাক্টচেক: ফেসবুকে পদ্মা সেতুর উপর দুর্ঘটনার ভুয়া ও বিভ্রান্তিকর খবর প্রচার
খবরটি শেয়ার করুন:
72

মুন্সিগঞ্জ, ২৮ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

আজ শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মাদারীপুর সমাচার’‘নারায়ণগঞ্জ’ নামক দুইটি পেজ থেকে ‘পদ্মা সেতুর উপর গোল্ডেন লাইন গাড়ি ও অন্য একটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ। অনেক হতাহত হয়েছে।’ শিরোনামে  ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়ে।

অনেকে পোস্টটি শেয়ার করে বিভিন্ন মন্তব্য জুড়ে দেন। বিষয়টি নজরে আসার পরপরই ফ্যাক্টচেক করে আমার বিক্রমপুর। অনুসন্ধানে উঠে আসে, প্রকৃতপক্ষে ঘটনাটি আজকের নয়। এটি ২ বছর ৩ মাস ১৯ দিন আগের একটি ঘটনা। সুতরাং, এটি আজকের হিসাবে প্রচার করা ভুল এবং বিভ্রান্তিকর।

 

জানা যায়, আজকের ঘটনা হিসাবে ব্যবহৃত ছবিগুলো ২০২৩ সালের ৯ ডিসেম্বরের। সেদিন বিকাল ৪টার দিকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পদ্মা সেতু হয়ে শরীয়তপুরের দিকে যাচ্ছিল। বাসটি সেতুর ১৪ ও ১৫ নম্বর খুঁটির মাঝামাঝি এলে অপর পাশ দিয়ে মেঘনা পরিবহনের একটি বাস চলে আসে। সে সময় দুটি বাসের সংঘর্ষ হয়। এতে গোল্ডেন লাইন পরিবহনের বাসের চালকের সহকারী এবং ওই বাসের একজন যাত্রী আহত হন। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনার বেশ কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে প্রকাশিত হয়।

এ সংক্রান্ত প্রতিবেদন দৈনিক প্রথম আলো, আমার বিক্রমপুরসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে এখনো রয়েছে। সেখান থেকেও ছবিগুলো যাচাই করা যায়।

দৈনিক প্রথম আলোতে প্রকাশিত খবরের লিংক: পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

এছাড়াও উল্লেখিত পোস্টগুলো নজরে এনে পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয়ের সাথে সন্ধ্যায় যোগাযোগ করে আমার বিক্রমপুর। তিনি প্রায় ১০ মিনিট সময় নিয়ে সেতুতে থাকা উন্নত প্রযুক্তির সিসিটিভিগুলো চেক করে নিশ্চিত করেন যে, আজ শনিবার পদ্মা সেতুতে উল্লেখিত কোন ঘটনা বা কোন রকমের দুর্ঘটনা ঘটেনি। সেতুতে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

পুরো পদ্মা সেতুতে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সকল কার্যক্রম সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে। ছবিগুলো আজ শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার। ছবি: সেতু কতৃপক্ষ।