১৫-১৬ ঘন্টা ধরে বিদ্যুৎ নেই মুন্সিগঞ্জের অনেক এলাকায়, ব্যাপক ভোগান্তি
মুন্সিগঞ্জ, ২৭ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
টানা ঝড়-বৃষ্টির পর গত ১৫-১৬ ঘণ্টা ধরে মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাসাবাড়িতে দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও।
স্থানীয়দের অভিযোগ, ঝড়ের পর থেকে বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
অনেক এলাকায় মোবাইল চার্জ, পানির মোটর চালু রাখা এবং ইন্টারনেট সংযোগ নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের নিয়ে দুর্ভোগে আছেন পরিবারগুলো।
এদিকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও উদ্যোক্তারাও পড়েছেন সংকটে। বিদ্যুৎ না থাকায় অনেক দোকান, ফ্রিজভিত্তিক ব্যবসা ও ছোট শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটর চালাতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।
জেনারেটর পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহেও সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন উদ্যোক্তা।
মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ঝড়-বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে এবং অনেক স্থানে তার ছিঁড়ে যাওয়াসহ একাধিক কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এসব সমস্যার কারণে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।
তবে তারা আশ্বাস দিয়েছেন, আজ দুপুর ১২টার মধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
অন্যদিকে, জেলায় বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যেও বড় ধরনের ঘাটতি রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মুন্সিগঞ্জে প্রতিদিন প্রায় ১৯০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১০৫ থেকে ১১০ মেগাওয়াট। কখনও তা আরও নেমে যাচ্ছে। ফলে নিয়মিত লোডশেডিংয়ের পাশাপাশি হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও বাড়ছে।
জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।




