সন্তানের জন্মের পর অন্তত একটি করে গাছ লাগান: মুন্সিগঞ্জে পরিবেশ প্রতিমন্ত্রী
1

মুন্সিগঞ্জ, ৬ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের যথাযথ পরিচর্যা ও সুরক্ষাও নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিটি পরিবারে সন্তানের জন্মের পর অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।

আজ রোববার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে উষ্ণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে সাড়ে ৫ কোটির বেশি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশে ৩ কোটির বেশি চারা রোপণ করা হয়েছে। আগামী শীত মৌসুমে উপকূলীয় এলাকায় আরও ২ কোটি ম্যানগ্রোভ চারা রোপণ করা হবে।

শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, এ ক্ষেত্রে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না; গাছের বেড়ে ওঠা নিশ্চিত করতে নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, পারিবারিকভাবেও বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিটি পরিবারে সন্তানের জন্মের পর অন্তত একটি করে গাছ লাগানো হলে একদিকে যেমন নতুন প্রজন্মের সঙ্গে গাছের সম্পর্ক তৈরি হবে, অন্যদিকে পরিবেশ রক্ষায়ও এর ইতিবাচক প্রভাব পড়বে।

প্লাস্টিক ও পলিথিন দূষণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পাতলা পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিবেশ, মাটি ও জলাশয়ের মারাত্মক ক্ষতি করছে। এই দূষণ মোকাবিলায় ‘রিফিউজ’ বা পলিথিন বর্জনের নীতি যুক্ত করে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম।

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন সুলতানা, গজারিয়া থানার ওসি নকীব আকরামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ