মুন্সিগঞ্জ ২: বিএনপি প্রার্থীর বিরুদ্ধে এনসিপির হয়ে ভালো ফলাফল মাজেদুল ইসলামের
মুন্সিগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে মুন্সিগঞ্জ-২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী আব্দুস সালাম আজাদের সাথে তুলনামূলক ভালো ফলাফল করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত মাজেদুল ইসলাম।
এই আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী অর্থাৎ দ্বিতীয় অবস্থানে রয়েছেন শাপল কলি প্রতীকের মাজেদুল। তিনি পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ-২ আসনের ১৩০টি ভোটকেন্দ্র ও ১টি পোস্টাল ব্যালটের কেন্দ্রসহ প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ ঘোষণা দেয়া হয়।
মুন্সিগঞ্জ-২ আসনে প্রার্থী ছিলেন ৫ জন। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কে এম বিল্লাল পেয়েছেন ১৩ হাজার ৩৮৭ ভোট। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আশিক মাহমুদ পেয়েছেন ৬৫১ ভোট। জাতীয় পার্টির নোমান মিয়া পেয়েছেন ২ হাজার ৮৫৭ ভোট।
পোস্টাল ব্যালটের ভোটকেন্দ্রসহ সর্বমোট কেন্দ্র ছিলো ১৩১টি। ভোট দিয়েছেন ২ লাখ ২ হাজার ১৭৩ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৫ হাজার ৫৫১ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৩ দশমিক ৪২শতাংশ।


