মুন্সিগঞ্জ সদরে সেরা রিকাবি বাজার বালিকা, সবচেয়ে খারাপ ফল ‘মুন্সিগঞ্জ হাই স্কুলে’র
মুন্সিগঞ্জ, ১০ জুলাই ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
বৃহস্পতিবার দেশব্যাপি একযোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মুন্সিগঞ্জ সদর উপজেলা থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৯টি শিক্ষা প্রতিষ্ঠান।
এর মধ্যে পাশের হারে সেরা দশের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়। এবছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৯১ জন শিক্ষার্থী, যার মধ্যে ৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠানটির পাসের হার ৯১.২১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ জন।
অন্যদিকে তালিকার একদম শেষ স্থানে অর্থাৎ ২৯তম ঘরে জায়গা হয়েছে মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের। এবছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৭০ জন শিক্ষার্থী, যার মধ্যে ১৭১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠানটির পাশের হার ৩৬.৬৭ শতাংশ। কেউ জিপিএ-৫ পায়নি।
তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে চম্পাতলা উচ্চ বিদ্যালয়, পাশের হার ৮৫.১১ শতাংশ। তৃতীয় অবস্থানে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, পাশের হার ৮৩. ৫৩ শতাংশ। চতুর্থ অবস্থানে মো. আমিরুল হক পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, পাশের হার ৮২.৯৫ শতাংশ।



