মুন্সিগঞ্জ শহরের সড়ক সংস্কারে দুই উপদেষ্টার কাছে স্মারকলিপি
মুন্সিগঞ্জ, ২৭ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
দীর্ঘদিন ধরে ভাঙাচোরা মুন্সিগঞ্জ শহরের সড়ক স্থায়ী সংস্কারে দুই উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে দুর্জয় তারুণ্য নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ রোববার বিকালে মুন্সিগঞ্জ শহরের লিচুতলা এলাকায় জুলাই শহিদগণের স্মরণে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
অনুষ্ঠান শেষে দুই উপদেষ্টার হাতে ওই স্মারকলিপি তুলে দেন দুর্জয় তারুণ্য সংগঠনের স্বেচ্ছাসেবী রিফাত হোসেন।
স্মারকলিপিতে বলা হয়- মাননীয় উপদেষ্টা, প্রায় ১৭ লাখ জনমানুষের জনপদ মুন্সিগঞ্জবাসীর পক্ষ থেকে এই স্মারকলিপি পেশ করছি। আপনারা মুন্সিগঞ্জ জেলার সন্তান বিধায় অবশ্যই অবগত আছেন যে, মুন্সিগঞ্জ শহরে প্রবেশের অন্যতম প্রধান সড়ক পেট্টোলপাম্প থেকে মানিকপুর দশতলা ও মানিকপুর দশতলা থেকে পৌরসভার কাটাখালি পর্যন্ত সড়কটির বেহাল দশা সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে। কিন্তু কেউই এই সড়কটির স্থায়ী সমাধানে এগিয়ে আসছে না। পৌর কতৃপক্ষের পক্ষ থেকে বারবার অস্থায়ী সংস্কার করে জনগণের করের টাকা ব্যায় করা হলেও দুই মাস না পেরোতেই সড়কের চেহারা ফিরে যাচ্ছে আগের রুপে। এর অন্যতম কারণ হচ্ছে- সড়কের নিচে থাকা লিকেজ তিতাস গ্যাস পাইপ মেরামত না করা এবং সড়কটি স্থায়ী সংস্কারের ব্যবস্থা না করা।
আরও বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী- পৌরসভার পক্ষ থেকে প্রায় ২০ কোটি টাকা চেয়ে একটি প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু মন্ত্রণালয় প্রকল্পটি ছাড় করছে না। এ খবরটি আমাদের জন্য উদ্বেগজনক ও অতিব দুঃখের। কেননা- ড. ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আমাদের মুন্সিগঞ্জের দুইজন কৃতি সন্তান রয়েছেন। এবং আমরা দেখছি, শুরু থেকেই তারা আমাদের জেলার জন্য নানারকম উন্নয়ন কর্মকান্ড নিয়ে ভাবছেন- পরিকল্পনা তুলে ধরছেন এবং বিভিন্ন সভা-সেমিনার আয়োজন করে সর্বাত্মক মনোভাব নিয়ে চেষ্টা করছেন। এমতাবস্থায় বর্তমানে মুন্সিগঞ্জ জেলার প্রধান এই সমস্যাটি নিরসনে একটি প্রকল্প সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আটকে আছে- এই খবরটি মুন্সিগঞ্জবাসীর জন্য সুখকর নয়।


