মুন্সিগঞ্জে হেরোইন আনতে গিয়ে ধরা ‘জুলাই যোদ্ধা’, বদলে ফেলেন নিজের ও পিতার নাম
মুন্সিগঞ্জ, ৯ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার নৈদিঘীরপাথর এলাকায় হেরোইনসহ স্থানীয়দের হাতে আটক হন ‘জুলাই যোদ্ধা’ অন্তর ঢালী। তবে আটকের পর তিনি নিজের নাম সাইফুল ইসলাম, পিতার নাম সোহাগ ঢালী ও বাড়ি সিপাহিপাড়া বলে জানায়।
এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে অন্তরের সাথে স্থানীয়দের স্পষ্ট কথোপকথন রয়েছে। এছাড়া যিনি ভিডিওটি ধারণ করেছেন তার সাথে কথা বলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছে আমার বিক্রমপুর।
খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওতে থাকা ব্যক্তির প্রকৃত নাম অন্তর ঢালী। সে টংগিবাড়ী উপজেলার খিলপাড়া এলাকার হানিফ ঢালীর পুত্র এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানের আহত ও গেজেটেড ‘জুলাই যোদ্ধা’।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) মাদকদ্রব্য হেরোইনসহ নৈদিঘীরপাথর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে। পরে সে মাদক লেনদেনের বিষয়টি স্বীকারও করে। কিন্তু পরিচয় জানতে চাইলে ভুল পরিচয় দেয়। পরে স্থানীয় লোকজন তাকে এই এলাকায় আর কখনো না আসার শর্তে ছেড়ে দেয়।
এদিকে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। গণঅভ্যুত্থানের আহত একজন তরুণ যার শরীরে এখনো গুলি রয়ে গেছে সে কিভাবে মাদকাসক্ত হয়ে পড়লো এ নিয়ে নানারকম মন্তব্য এসেছে।









