মুন্সিগঞ্জে বস্তার নিচে চাপা পড়ে প্রাণ গেছে শ্রমিকের
মুন্সিগঞ্জ, ৪ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বস্তার নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত শ্রমিকের নাম ওহিদুল ইসলাম (৪৮)। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মৃত ফজলুল করিম খানের ছেলে।
পরিবার নিয়ে তিনি গজারিয়ার উপজেলার সিকিরগাঁও গ্রামে ভাড়া থেকে সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে স্টোর কিপার হিসেবে চাকরি করতেন।
জানা যায়, গত প্রায় দুই বছর আগে প্রতিষ্ঠানটিতে স্টোর কিপার হিসেবে যোগ দেয় ওহিদুল ইসলাম। ব্যক্তিগত জীবনে তিনি আট বছর বয়সী এক ছেলে সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যান্য দিনের মত আজ রোববার সকালে কাজে যোগ দেন ওহিদুল। দুপুর বারোটার দিকে মালামালের গোডাউন থেকে একটি বস্তা সরাতে গেলে উপর থেকে মালামাল ভর্তি আরো কয়েকটি বস্তা তার উপর পড়ে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর সহকর্মীরা বস্তার নিচে চাপা পড়া অবস্থা থেকে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘অসাবধানতাবসত এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা নিহতের পরিবারের লোকদের খবর পাঠিয়েছি। তারা এসেছে, তাদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে’।
নিহতের ছোট ভাই মহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের কোম্পানি কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তাদের উপর আমাদের কোন অভিযোগ নেই। আমরা লাশ নিয়ে যেতে চাই’।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘নিহতের স্বজনদের কোম্পানি কর্তৃপক্ষের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।’


