‘মুন্সিগঞ্জে মেডিকেল কলেজের জন্য চূড়ান্ত অনুমোদন এখনো হয়নি’
মুন্সিগঞ্জ, ২ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
নৌ বাহিনীর প্রধান, মুন্সিগঞ্জের সন্তান এডমিরাল এম নাজমুল হাসান জানিয়েছেন, আমাদের আরও দুইজন উপদেষ্টা আপনারা জানেন- জনাব আদিলুর রহমান সাহেব এবং আমাদের যেই স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তাদেরকে নিয়ে আমরা মুন্সিগঞ্জ জেলার জন্য কিছু কাজ করার চেষ্টা করছি। সেখানে আমরা জেলা প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছি। সরকারি সব সংস্থার সহযোগিতা পাচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা একটি মেডিকেল কলেজ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনো আমরা চূড়ান্ত অনুমোদনটা এখনো পাইনি। বাট আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সবার যদি দোয়া থাকে আমরা একদিন এইটাতে সফল হবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
গতকাল শনিবার (১ নভেম্বর) মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় মুন্সিগঞ্জে সাঁতার নিয়ে স্পেশাল ট্রেনিং ক্যাম্প করার ঘোষণা দেন নৌবাহিনী প্রধান। তিনি বলেন, ‘এখান থেকে আমরা কিছু সাঁতারুকে বাছাই করে আমরা ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে অন্তর্ভুক্ত করবো।’
বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় শনিবার সকালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহম্মেদ ১ ঘণ্টা ২৭ মিনিটে প্রায় ১০ কিলোমিটার অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেন। অন্যদিকে নারী বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার ১ ঘণ্টা ৭ মিনিট ৪৩ সেকেন্ডে ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চ্যাম্পিয়ন হন।
পুরুষ বিভাগে ২৩ জন ও নারী বিভাগে ১২ জন সাঁতারু অংশ নেন এবারের প্রতিযোগিতায়। মুন্সিগঞ্জ লঞ্চঘাটের নদীপাড়ে দাঁড়িয়ে উৎসুক দর্শকরা সাঁতারুদের উচ্ছ্বাসের সঙ্গে অভ্যর্থনা জানান।
বক্তব্যে এডমিরাল নাজমুল হাসান আরও বলেন, সাঁতার শুধু একটি খেলা নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। তরুণদের এই খেলায় অংশগ্রহণ বাড়াতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।


