১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ১:০৩
মুন্সিগঞ্জে মুদি দোকান থেকে সিগারেট চুরি: ‘আবুল ডাক্তার’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:
245

মুন্সিগঞ্জ, ১০ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে একটি মুদি দোকানে চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করেছে পুলিশ।

এই ঘটনায় আন্তজেলা চোর চক্রের সদস্য ‘আবুল ডাক্তার’সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া প্রায় ৭০ হাজার টাকার সিগারেট।

গত রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে মুন্সিগঞ্জ থানাধীন পূর্ণিমা ফিলিং স্টেশন সংলগ্ন ‘আজম স্টোর’ নামের একটি দোকানে এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোকানদারের অভিযোগ, রাতের কোনো এক সময় চোরেরা তালা ভেঙে দোকানের ক্যাশ বাক্স থেকে ১০ হাজার টাকা ও তিন বস্তা সিগারেট নিয়ে পালিয়ে যায়।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযোগ পাওয়ার পরপরই মুন্সিগঞ্জ থানা-পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে।

তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. হাসান (২১), শাহজাহান গাজী (৪০) ও জাহাঙ্গীর ওরফে আবুল ডাক্তার (৪৬)।

ওসি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মালির পাথর এলাকায় শাহজাহান গাজীর বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ৬৯ হাজার ৫৮৫ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।