মুন্সিগঞ্জে মিশুক গাড়িতে মিললো ৮০ বোতল ফেনসিডিল, আটক ৪
মুন্সিগঞ্জ, ১১ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগীনি ইউনিয়নের কালীর আটপাড়া এলাকায় একটি মিশুক গাড়িতে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ। এসময় অভিযুক্ত ৪ জনকে আটক করা হয়।
আজ সোমবার বিকাল ৫টার দিকে সদর থানার উপপরিদর্শক মো. আমিনুল হাসানের নেতৃত্বে অভিযানে এই মাদক উদ্ধার হয়।
এসময় আটককৃতরা হলেন- মোদাচ্ছের হোসেন (৪৮), মো. আসাদ স্বপন (৫০), আবু বক্কর সিদ্দিক (৪২) ও মোঃ সিদ্দিক মোল্লা (৪৫)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ কাজী হুমায়ুন রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি জানান, আটপাড়া হতে বজ্রযোগীনি বটতলাগামী রাস্তায় কামলা ভিটা মোড় নামক পাঁকা রাস্তায় অভিযানকালে অভিযুক্তদের সাথে থাকা একটি পুরাতন মিশুক গাড়ি তল্লাশি করলে উল্লেখিত মাদক ধরা পড়ে।
আটককৃতদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।








