মুন্সিগঞ্জে বাসা থেকে বের হয়ে ব্যাংক অফিসার নিখোঁজ
মুন্সিগঞ্জ, ৩১ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরে নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ রয়েছেন ব্যাংক অফিসার নাজমুল হাসান (৪০)। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকাল ৯টার দিকে শহরের মাঠপাড়া এলাকার নিজ বাসায় মোবাইল ফোন, মানিব্যাগ রেখে ওই ব্যাংক অফিসার বের হন। এরপর থেকে তার কোন হদিস নেই। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজসহ অন্যান্য সূত্র ধরে তার সন্ধানের চেষ্টা করছি।
‘এ ঘটনায় সন্ধ্যায় থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে’- যোগ করেন ওসি।
জানা যায়, নিখোঁজ নাজমুল হাসান টংগিবাড়ী উপজেলার আলদিবাজার শাখা পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসাবে কর্মরত আছেন। তার স্ত্রী স্বপ্না আক্তার সরকারি হরগঙ্গা কলেজের দর্শন বিভাগের শিক্ষক।
কেউ তাঁর সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে-০১৮৮৪৬৩৫৩০৮


