মুন্সিগঞ্জের ১৭৫ বিদ্যালয়ের ৪ হাজার ২০০ শিক্ষার্থী নিয়ে শুরু হচ্ছে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি
8

মুন্সিগঞ্জ, ১২ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলার শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে ‘মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের মেধাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এবারের মেধাবৃত্তি পরীক্ষায় মুন্সিগঞ্জ জেলার ১৭৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। প্রতিটি বিদ্যালয় থেকে ২৪ জন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। সে হিসেবে জেলার মোট ৪ হাজার ২০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্ধারিত সংশ্লিষ্ট শ্রেণির পাঠ্যবই অনুসরণ করে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চার বিষয়ে মোট ৯০ নম্বরের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির জন্য অতিরিক্ত ১০ নম্বর রাখা হয়েছে।

ফাউন্ডেশনের সহসভাপতি সামিয়া শারমিন বলেন, মেধাবৃত্তি পরীক্ষা স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই নীতিমালা অনুসরণ করে সব শিক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন করা হবে। মেধাক্রম অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন বৃত্তি, সনদপত্র ও সম্মাননা স্মারক দেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়নের পাশাপাশি পড়াশোনার প্রতি তাদের আগ্রহ ও উৎসাহ বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। মুন্সিগঞ্জের প্রতিটি প্রান্তের মেধাবী শিক্ষার্থীকে এই কার্যক্রমের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

আয়োজক কমিটি জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রের তালিকা, ফরম পূরণের সময়সূচি ও পরীক্ষার চূড়ান্ত তারিখ শিগগিরই জানানো হবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ফাউন্ডেশনের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন। গত চার বছরে মোট ৪ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ১৮ জন এবং সাধারণ বিভাগে ৪০৫ জনসহ মোট ৪২৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

এবার ১৭৫টি বিদ্যালয়ের ৪ হাজার ২০০ শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে ফাউন্ডেশনের মেধাবৃত্তি কার্যক্রম আরও বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে মুন্সিগঞ্জের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহ ও সহযোগিতা আরও বাড়বে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ