মুন্সিগঞ্জের সর্বপ্রথম উপজেলা হিসাবে শ্রীনগরের সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন
মুন্সিগঞ্জ, ১৫ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ করার লক্ষ্যে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
এরই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ৮০টি ভোটকেন্দ্রের ৫২০টি বুথে সকল ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহিন উদ্দিন বলেন, ‘মুন্সিগঞ্জ জেলার কোন উপজেলায় আমরাই প্রথম শতভাগ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করতে সক্ষম হয়েছি।’
তিনি বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা যাবে এবং যেকোনো অনিয়ম দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।’
এসময় এই কার্যক্রম প্রক্রিয়াধীন পরিদর্শন করেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে তারা সিসি ক্যামেরা স্থাপনের কাজ, ক্যামেরার কার্যকারিতা এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। কর্মকর্তারা এ উদ্যোগকে সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং অন্যান্য উপজেলায়ও এই মডেল অনুসরণের পরামর্শ দেন।


