মাসে ২ কোটি মানুষের কাছে পৌছাচ্ছে আমার বিক্রমপুর
[addtoany]
325

মুন্সিগঞ্জ, ১১ আগস্ট ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

গত ২৮ দিনে প্রায় ২ কোটি মানুষের কাছে পৌছেছে মুন্সিগঞ্জ ও ঢাকা বিভাগের সবচেয়ে জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার বিক্রমপুর- এই হিসাব ফেসবুকের। এর বাইরে মাসে গড়ে দুই লাখ পাঠক ওয়েবসাইটে ভিজিট করে পত্রিকাটি।

২০১৫ সালের ১১ আগস্ট ‘সত্যই শক্তি’ স্লোগান নিয়ে ওয়েবসাইট, ইউটিউব এবং জনপ্রিয় ও সমাদৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কার্যক্রম শুরু করে আমার বিক্রমপুর। বর্তমানে এর মাসিক ওয়েব ভিজিটরের সংখ্যা প্রায় ২ লাখ। ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা ১৬,৭০০ ও ফেসবুক অনুসারীর সংখ্যা ৩ লাখ ৭২ হাজারেরও বেশি। আমার বিক্রমপুর প্রতি মাসে ১ কোটি থেকে ২ কোটি পাঠকের কাছে পৌঁছায়- এই হিসাব ফেসবুকের।

আজ ১১ আগস্ট রাতের হিসাব বলছে- গত ২৮ দিনে (১৪ জুলাই থেকে ১০ আগস্ট) আমার বিক্রমপুর দেখেছে ১ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ৯ জন মানুষ। অর্থাৎ প্রায় ২ কোটি মানুষ নিয়মিত আমার বিক্রমপুর দেখছে।

আমার বিক্রমপুর স্থানীয় অপরাধ, সামাজিক সমস্যা, অনিয়ম, প্রশাসনিক ব্যর্থতা ও জনদুর্ভোগ কেন্দ্রিক সংবাদে বেশি প্রাধান্য দেয়। এর নানামুখী প্রভাব থাকায় প্রভাবশালীরা অনেক সময় চাপ সৃষ্টি করেন ও পত্রিকা বন্ধের হুমকি দেন। শুধু লিখিত নয়, ভিডিও ও ছবিসহ প্রতিবেদন করে থাকে আমার বিক্রমপুর। যা যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রভাব তৈরি করে।

জাতীয় সংবাদমাধ্যম যেখানে অনেক সময় পিছিয়ে পড়ে, সেখানে আমার বিক্রমপুর স্থানীয় খবর বা সমস্যাগুলো নিজস্ব ভঙ্গিতে সামনে নিয়ে আসে। মুন্সিগঞ্জের একেবারে যোগাযোগবিচ্ছিন্ন, নদীবেষ্টিত গ্রাম পর্যায় পর্যন্ত এই পত্রিকার পাঠক রয়েছেন। স্থানীয় সাংবাদিকতা, সংস্কৃতি ও জনগণের সমস্যা তুলে ধরার এটি একটি শক্তিশালী মাধ্যম হিসেবে বহু বছর ধরে পরিচিত।

সাংবাদিকতার জন্য হয়রানি ও হুমকির মুখেও আমার বিক্রমপুর অটল- ২০২১ সালের ১১ এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কতৃক অভিবাসন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের জন্য শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে ‘ওকাপ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০’ গ্রহণ করে আমার বিক্রমপুর।

২০২৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর উদ্যোগে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর আয়োজনে ‘যুবদের জন্য উন্নয়ন সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালায় অর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য’র কাছ থেকে সনদ গ্রহণ করেন তৎকালীন আমার বিক্রমপুর সম্পাদক শিহাব আহমেদ।

এছাড়া আমার বিক্রমপুর ২০২০ সালে মুন্সিগঞ্জের বিভিন্ন পর্যায়ে কর্মরত ৪৫ জনকে ‘গুনীজন সম্মাননা’ দেয়। একইবছর বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি টুর্নামেন্টের আয়োজন করে আমার বিক্রমপুর।

তবে, আমার বিক্রমপুর পত্রিকাটি স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এখনও স্বনির্ভর নয়। অর্থনৈতিক দিক থেকে এটি এখনো ডিজিটাল বিজ্ঞাপন ও অনুদাননির্ভর।