বৈষম্যবিরোধী মামলায় মুন্সিগঞ্জ কারাগারে বন্দি আ. লীগ নেতার হৃদরোগে মৃত্যু
মুন্সিগঞ্জ, ২৭ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় দুই মাস ২২ দিন ধরে কারাগারে থাকা মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন।
আজ রোববার ভোররাত ৪টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে কারাগারে বুক ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়।
মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে বুকে ব্যাথা হলে জেলখানায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে আমাদের একটি প্রতিবেদনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্য জানানো হয়।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর রহমান বলেন, ভোর চারটার সামান্য আগে তাকে হাসপাতালে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে আসার ৫-৭ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ অবস্থায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, ভর্তি রাখার সময়ই পাওয়া যায়নি।
জেল সুপার জানান, চলতি বছরের ৫ মে থেকে সারোয়ার হোসেন নান্নু মুন্সিগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। তবে ভর্তির সময় তার বুক ব্যাথার কোন উপসর্গ ছিলো না। বা আগে কখনোই এই সমস্যা হয়নি তার।
সারোয়ার হোসেন নান্নু মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাও এলাকার প্রয়াত রাজ্জাক মোল্লার পুত্র। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের আত্মীয়। এছাড়া তার তিন কন্যা রয়েছে- দুজন রাজধানী ঢাকায় এবং একজন যুক্তরাজ্যে বসবাস করেন।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, মৃত সারোয়ার হোসেন নান্নু গত বছরের ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় একটি হত্যা মামলার আসামি। তিনি ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।


