৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১১:২১
‘আমার প্রিয় বাবা আমি চলে যাচ্ছি, পারলে আমাকে ক্ষমা করে দিও’
খবরটি শেয়ার করুন:
135

মুন্সিগঞ্জ, ২৫ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে বাবার উদ্দেশ্যে ‘অভিমানী চিঠি’ লিখে বাড়ি থেকে বের হয়ে ৫ দিন ধরে নিখোঁজ ছুরাইয়া আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী। নিখোঁজ কিশোরী সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকার ভাঙারি মিস্ত্রি জাকির হোসেনের (৩৭) মেয়ে।

নিখোঁজ ছুরাইয়া স্থানীয় ৪৩নং শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়। বর্তমানে সে পরিবারের সঙ্গে মালিরপাথর এলাকার মো. আসাদের ভাড়া বাসায় বসবাস করছিল।

জানা গেছে, ছুরাইয়ার বাবা-মায়ের মধ্যে কয়েক বছর আগে বিচ্ছেদ (ডিভোর্স) হয়। এরপর তার মা আরেকটি বিয়ে করেন। ছুরাইয়া বাবার সঙ্গেই বসবাস করছিল।

পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই বাসা থেকে বেরিয়ে যাওয়ার আগে একটি চিঠি লিখে যায় ছুরাইয়া। সেখানে সে লেখে- ‘আমার প্রিয় বাবা, আমি চলে যাচ্ছি পারলে আমাকে ক্ষমা করে দিও আর বাড়ির সবাইকে বলে যাচ্ছি যে আমার বাবার আগেও কোনো দোষ ছিলো না, এখনো নেই। সবাইকে বিদায় যানিয়ে চলে যাচ্ছি বেঁচে থাকলে আবারো দেখা হবে তোমার সাথে বাবা।’

ছুরাইয়ার বাবা জাকির হোসেন বলেন, ‘গত কয়েক মাস ধরে মেয়েটা একটা মোবাইল ফোন চেয়ে বায়না করছিল। আমি দিতে রাজি হইনি। এ নিয়ে আমাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। সম্ভবত সেই অভিমান থেকেই ঘর ছেড়ে চলে গেছে। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

কেউ মেয়েটিকে দেখে থাকলে এই নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে- ০১৭৯২৭৯৭৯৬৮

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা