ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায় রোধে সেনাবাহিনীর অভিযান
মুন্সিগঞ্জ, ১৪ জুন ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
নির্ধারিত পরিমাণের চাইতে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ার অংশে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর এক টা পর্যন্ত ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ঢাকামুখী সড়কে চেকপোস্ট বসিয়ে দূরপাল্লার গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনে অভিযান চালায় গজারিয়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।
জনস্বার্থে গজারিয়া সেনা ক্যাম্পের এ ধরনের উদ্যোগকে প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন যাত্রী সাধারণ ও স্থানীয়রা।
জানা গেছে, ঈদুল আযহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এমন অভিযোগ পেয়ে গজারিয়া সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোজ্জামেল হকের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
এসময় কয়েক শত যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেয়ার ব্যবস্থা করেন সেনাবাহিনীর সদস্যরা।মহাসড়কে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অভিযানে থাকা সেনাসদস্যরা জানিয়েছেন।


