গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনের স্মৃতি আমরা বাঁচিয়ে রাখতে চাই: এমপি কামরুজ্জামান রতন
মুন্সিগঞ্জ, ২২ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রীজের পাদদেশে সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মেঘনা নদীর নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে আসা ভ্রমণপিপাসুদের জন্য নিরাপদ ও আরামদায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে আন্ডারপাস এলাকায় সিটিং বেঞ্চ, সোলার লাইট ও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৬টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের ফলক উন্মোচন ও বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।
এছাড়া উপস্থিত ছিলেন, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন, সংসদ সদস্যের সহধর্মিণী নূর ই জান্নাত রোশনী, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক দেওয়ান হারুন অর রশিদ, ইউপি সচিব আবুল কালাম আজাদ, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, বিএনপি নেতা মজিবুর রহমান সরকার ও আক্তারুজ্জামান শিকদার, জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মামুন শরীফ, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেন, ‘দিন শেষে মানুষের ক্লান্তি দূর করার জন্যই আমাদের এই উদ্যোগ। গজারিয়ায় মানুষের বিনোদনের তেমন কোনো স্থান নেই। আমরা জায়গাটিকে মানুষের বিনোদনের জন্য সুন্দর ও নিরাপদ একটি স্থান হিসেবে গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেন, ‘গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনের স্মৃতি আমরা বাঁচিয়ে রাখতে চাই। এ জন্য এখানে তাঁর স্মরণে একটি নামফলক স্থাপন করা হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি প্রকল্পটির উদ্যোগকে স্বাগত জানান এবং এটি বাস্তবায়নে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদানের ঘোষণা দেন।
এ সময় সংসদ সদস্যের আহ্বানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ প্রকল্পটি বাস্তবায়নে একটি ফান্ড গঠন করে নগদ এক লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।
জানা গেছে, সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের অর্থায়নে এবং বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে প্রকল্পটির কাজ শুরু হয়েছে। আন্ডারপাস এলাকায় সিটিং বেঞ্চ স্থাপন, সোলার লাইট বসানো ও বৃক্ষরোপণের মাধ্যমে স্থানটিকে একটি নান্দনিক ও নিরাপদ বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।








