গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে মুন্সিগঞ্জে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের
মুন্সিগঞ্জ, ৬ জুলাই ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের বছর পূর্তিতে মুন্সিগঞ্জে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইসলামপন্থী রাজনৈতিক দল খেলাফত মজলিস।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় পৌরসভার দেওভোগ মাদরাসায় জেলা শাখার মাসিক নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে কর্মসূচিগুলো ঘোষণা করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস, মুন্সিগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক মুহাম্মদুল্লাহ নাজিব প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ১১ জুলাই শুক্রবার আসরের পর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ‘দোয়া দিবস’ পালন করা হবে। দোয়া শেষে শহরের উত্তর ইসলামপুরে শহীদদের কবর জিয়ারত করা হবে। একইসময়ে উপজেলাগুলোতেও ‘দোয়া দিবস’ পালন করবেন নেতাকর্মীরা।
১৮ জুলাই জুমার নামাযের পর মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে হবে গণহত্যার দ্রুত বিচার সম্পন্নের দাবিতে ‘বিক্ষোভ কর্মসূচি’।
৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে হবে ‘বিজয় র্যালি’। যা গিয়ে শেষ হবে কোর্ট চত্বর এলাকায়।
বৈঠকে সভাপতিত্ব করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি অলিউল্লাহ হাসান এবং সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ওসামা আজিজী।
বৈঠকে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।




