কনকসার বাজারে ডাকাতি করতে এসে পিকআপ-কাটারসহ গ্রেপ্তার ১, পালিয়ে গেল ৫-৬ জন
২৫

মুন্সিগঞ্জ, ১০ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও ডাকাতির সরঞ্জামসহ রফিক শেখ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও ৫-৬ জন পালিয়ে যায়।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার কনকসার বাজারে মনির শেখের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) রাজীব সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে টহল দিচ্ছিলেন। এ সময় কনকসার বাজারে পাকা সড়কের ওপর নম্বর প্লেটবিহীন একটি পিকআপসহ ৫-৬ জনকে দীর্ঘ সময় অবস্থান করতে দেখেন তাঁরা। পুলিশের সদস্যরা তাঁদের অবস্থানের কারণ জানতে চাইলে সবাই দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রফিক শেখকে আটক করা হয়।

গ্রেপ্তার রফিক শেখের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার জজবাড়ি এলাকায়। তাঁর বাবার নাম মৃত হযরত আলী।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিক জানিয়েছেন, তাঁরা ৫-৬ জন মিলে কনকসার বাজারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় তাঁদের কাছ থেকে একটি নীল রঙের ছোট পিকআপ, একটি কাটার, একটি স্টিলের সেলাই রেঞ্জ, কাঠের বাটযুক্ত দুটি লোহার হাতুড়ি এবং একটি ছোট লোহার চেইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় লৌহজং থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ