আন্তঃউপজেলা ফুটবল ও কাবাডিতে চ্যাম্পিয়ন মুন্সিগঞ্জ সদর উপজেলা
মুন্সিগঞ্জ, ৩ আগস্ট ২০২৫, নাজমুল হাসান শাওন (আমার বিক্রমপুর)
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আন্তঃউপজেলা ফুটবল ও কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলা।
রোববার সন্ধ্যা ৬টায় বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
এর আগে দুপুর সাড়ে ৩টায় মুন্সিগঞ্জ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত কাবাডি ফাইনালে মুখোমুখি হয় মুন্সিগঞ্জ সদর ও টংগিবাড়ি উপজেলা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৬৮-৬৫ পয়েন্টে জয় পায় সদর উপজেলা দল।
পরে বিকেল ৪টায় বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবলের ফাইনালে মুন্সিগঞ্জ সদর উপজেলা ২-১ গোলে পরাজিত করে গজারিয়া উপজেলাকে।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, টংগিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ রানা প্রমুখ।


