১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৭:০৪
অগ্নি নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ফায়ার সার্ভিসের গণসংযোগ
খবরটি শেয়ার করুন:
352

মুন্সিগঞ্জ, ১০ অক্টোবর ২০২৫, নাজমুল হাসান শাওন (আমার বিক্রমপুর)

দেশে অগ্নিকাণ্ডের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগণের মধ্যে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্যোগে বিশেষ গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় প্রজেক্টরের মাধ্যমে অগ্নি নির্বাপণ ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। এতে স্থানীয় জনসাধারণ, যাত্রী এবং দোকানিদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ভিডিও ক্লিপগুলোতে আগুন লাগলে করণীয়, প্রাথমিকভাবে অগ্নি নির্বাপণ পদ্ধতি, গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতা এবং বিদ্যুৎজনিত অগ্নিকাণ্ড প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্য তুলে ধরা হয়।

এ কার্যক্রমে সহযোগিতা করে বিএনসিসি সদস্য ও সাধারণ জনগণ।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডে জানমালের ক্ষতি রোধে জনগণের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা চাই, প্রত্যেক নাগরিক অগ্নি নিরাপত্তা সম্পর্কে জানুক ও প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নিতে পারুক। এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজনের মাধ্যমে আমরা দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে পারব।’

ফায়ার সার্ভিসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করছেন, এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে অগ্নি দুর্ঘটনা সম্পর্কে জ্ঞান বাড়াবে এবং বাস্তব জীবনে নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।