শ্রীনগরের নবাব কাচ্চি ডাইনের রান্নাঘরে অভিযান, পাওয়া গেল অপরিষ্কার-ক্ষতিকর উপাদান
10

মুন্সিগঞ্জ, ৩ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি কাচ্চি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে রান্না করা খাবার উন্মুক্তভাবে সংরক্ষণ, কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একই ফ্রিজে রাখা এবং কাচ্চি বিরিয়ানিতে নন-ফুডগ্রেড রং ব্যবহারের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত শ্রীনগর বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নবাব কাচ্চি ডাইন রেস্টুরেন্টে মনিটরিং করে এসব অনিয়ম দেখতে পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরিদর্শনে দেখা যায়, রান্না করা খাবার উন্মুক্তভাবে সংরক্ষণ করা হচ্ছে। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার রাখা হয়েছে। এছাড়া কাচ্চি বিরিয়ানিতে নন-ফুডগ্রেড রং মেশানো হচ্ছিল।

রেস্টুরেন্টটির রান্নাঘরে বাবুর্চি ও কর্মীদের হাত ধোয়ার জন্য কোনো সাবানের ব্যবস্থাও পাওয়া যায়নি।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আনোয়ার হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন শ্রীনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি দল।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ