মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে সিমেন্টের ব্যাগে মিললো ‘দেশীয় বন্দুক’
মুন্সিগঞ্জ, ২৮ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি শুটার গান উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চরচাষি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন চরচাষি এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন সন্ত্রাসী মোবারক সরকারের বাসায় তল্লাশি চালিয়ে ১টি শুটার গান উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
সেনাবাহিনী জানায়, মোবারক সরকার ওই এলাকার কুখ্যাত নৌ-ডাকাত এবং শীর্ষ সন্ত্রাসী নয়ন-পিয়াস গ্যাংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য অস্ত্রটি গজারিয়া থানায় হস্তান্তর করা হবে।
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম ও নাশকতা রোধে সেনাবাহিনীর এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, জেলার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাসী, নাশকতামূলক কর্মকাণ্ড এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদান করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।


