মুন্সিগঞ্জে থেমে থাকা ট্রাকের নিচে খেলছিলো শিশু, টান দেয়ায় মুহুর্তেই গেল প্রাণ
মুন্সিগঞ্জ, ২ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালু-মাটি বহনকারী ট্রাকের নিচে চাপা পড়ে সারিউল (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সারিউল লৌহজং উপজেলার খরিয়া গ্রামের মো. শামিম ও মোছা. আরিফা বেগমের সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুচিয়ামোড়া ব্রিজের নিচে বালু-মাটি বহনকারী ঢাকা মেট্রো-ট-২৯-০৭৩২ নম্বরের একটি ট্রাক পার্কিং অবস্থায় ছিল। এ সময় সারিউল ট্রাকটির নিচে খেলছিল।
পরে ট্রাকের চালক শিশুটি নিচে অবস্থান করছে বিষয়টি খেয়াল না করে ট্রাকটি অন্যত্র নেওয়ার জন্য চালু করে সামনের দিকে এগিয়ে নেন। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে পুলিশ। ট্রাকের চালককে শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন রাত ৯টার দিকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









