মুন্সিগঞ্জে টিকটক বন্ধুর সাথে দেখা করতে এসে ধর্ষণের শিকার কিশোরী
মুন্সিগঞ্জ, ২০ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
টিকটকে পরিচয় হওয়া এক বন্ধুর সাথে দেখা করতে এসে তার দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ এক কিশোরীর। এ ঘটনায় সোমবার দিবাগত রাত ১২ টার দিকে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা রুজু হয়েছে। এর আগে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোর মো. রিফাতকে (১৬) গ্রেপ্তার করে পুলিশ।
রিফাত হাটলক্ষীগঞ্জ এলাকার জামাল সরকারের ছেলে। ধর্ষণের শিকার কিশোরীর (১৩) বাড়ি নারায়নগঞ্জের ভুলতা এলাকায়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম মামলার তথ্য নিশ্চিত করে জানান, বেশ কয়েকদিন আগে ওই কিশোর ও কিশোরীর মধ্যে টিকটকে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে কয়েকদিন আগে ওই কিশোরী নারায়ণগঞ্জ থেকে টিকটক করতে মুন্সিগঞ্জ শহরে এসেছিল। গত রোববার দ্বিতীয় দফায় শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় আসে ওই কিশোরী। ওইদিন দিনগত রাতে কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে যায় কিশোর রিফাত। সেই রাতেই কিশোরীকে ধর্ষণ করে সে। পরে এ ঘটনায় সোমবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী। অভিযোগের প্রেক্ষিতে রিফাতকে পুলিশ গ্রেপ্তার ও মামলা রুজু করে। আজ মঙ্গলবার ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরীকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।





