মুন্সিগঞ্জে টাকা ভাংতি নিয়ে কথা কাটাকাটির জেরে মুদি দোকানদারকে কুপিয়ে জখম!
370

মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)​

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এক ভ্যারাইটিজ স্টোরে তুচ্ছ ৫শ টাকার নোট ভাংতি দেওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে দোকানদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় একদল সন্ত্রাসী।

এসময় সন্ত্রাসীরা দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং বাধা দিতে এলে নারী ও শিশুদের ওপরও হামলা করে।

আজ শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনের পাশে অবস্থিত নিজ দোকানে এই হামলার শিকার হন মাজহারুল ইসলাম বুলবুল। তিনি ওই এলাকার আব্দুল বারেক চেয়ারম্যানের ছেলে।

ভুক্তভোগীর ছোট ভাই শাহ আলম অভিযোগ করে জানান, দোকান দেওয়ার পর থেকেই স্থানীয় কিছু সন্ত্রাসী তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। ঘটনার সন্ধ্যায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্থানীয় তেতৈতলা গ্রামের আল ইসলামের ছেলে ওই দোকানে চা-সিগারেট খেয়ে ৫শ টাকার একটি নোট দেন। দোকানদার বুলবুল ভাংতি নেই বলায় কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পরেই অজ্ঞাতনামা ১৪-১৫ জনের একটি সশস্ত্র দল এসে বুলবুলকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং দোকানে লুটপাট চালায়। এসময় বাড়ির নারীরা এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়।

ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় বুলবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক ডা. শারমিন সুলতানা জানান, তার মাথা ও শরীরে একাধিক গভীর জখম থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, রাতেই এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছে পুলিশ। আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ