২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৯:১০
​’বিতর্কিত বা অস্বস্তিকর’ বক্তব্যের শঙ্কা থাকলে অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিলেন এমপি কামরুজ্জামান রতন
খবরটি শেয়ার করুন:
45

মুন্সিগঞ্জ, ২৫ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ভবিষ্যতে কোনো অনুষ্ঠানে বিতর্কিত বা অস্বস্তিকর বক্তব্য হওয়ার শঙ্কা থাকলে সেই আয়োজন থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখার ঘোষণা দিয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মো. কামরুজ্জামান রতন।

আজ বুধবার ফেসবুকে নিজের নিয়ন্ত্রণাধীন পেজ থেকে তিনি তার এই কঠোর অবস্থানের কথা জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গতকাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি আয়োজনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে একজন আওয়ামীপন্থী আইনজীবী নিজের ব্যক্তিগত মত প্রকাশ করেন। তবে অনুষ্ঠানের সার্বিক পরিবেশ ও শালীনতা রক্ষার্থে অতিথি হিসেবে তিনি তখন কোনো পাল্টা প্রতিক্রিয়া জানাননি। তবে ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতির সম্ভাবনা থাকলে তিনি সেই অনুষ্ঠান বর্জন করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।

এমপি কামরুজ্জামান রতন আরও বলেন, তিনি হৃদয়ে জুলাইয়ের চেতনা ধারণ করেন এবং সকলকে এই চেতনা সমুন্নত রাখার বিনীত অনুরোধ জানান। জুলাই আন্দোলনের আদর্শ ও চেতনা পরিপন্থী কোনো কাজ বা বক্তব্য তিনি সমর্থন করবেন না বলেও পুনর্ব্যক্ত করেন।

​একই সাথে তিনি মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে তার নাম ও ছবি ব্যবহার করে টানানো শুভেচ্ছাসম্বলিত সকল ব্যানার, পোস্টার ও ফেস্টুন দ্রুত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, তিনি ব্যক্তিগতভাবে এই ধরণের প্রচারের পক্ষপাতী নন। পরিবেশ সুন্দর রাখার স্বার্থে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের দ্রুততার সাথে এসব প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা