২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৯:১০
পদ্মায় নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈমকে উদ্ধারকারী ৫ জনকে সম্মাননা
খবরটি শেয়ার করুন:
18

মুন্সিগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

পদ্মা নদীতে নিখোঁজ হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর শিক্ষার্থী জে এফ মো. আবু নাঈমকে উদ্ধারে সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী পাঁচজনকে সম্মাননা প্রদান করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

আজ মঙ্গলবার সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত প্রত্যেককে মহাপরিচালকের প্রশংসা ‘ইনসিগনিয়া’, আর্থিক সম্মানী ও সনদপত্র দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের নিকট Military Institute of Science and Technology (এমআইএসটি)-এর শিক্ষার্থী জে এফ মো. আবু নাঈম নিখোঁজ হন। সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। একই সঙ্গে নৌবাহিনীর ডুবুরি ইউনিটসহ বিভিন্ন সেবা সংস্থার উদ্ধারকারী দল অনুসন্ধান কার্যক্রমে অংশ নেয়।

টানা দুই দিন অনুসন্ধান চালানোর পর ২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ২৫ মিনিটে পদ্মা নদীর প্রায় ৪০ ফুট গভীর তলদেশ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থী নাঈমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

এই দুঃসাহসিক ও সফল উদ্ধার অভিযানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে পাঁচজনকে বিশেষভাবে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। বক্তব্য দেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন।

সম্মাননাপ্রাপ্তদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন উদ্ধারকারী দলের কমান্ডার, উপসহকারী পরিচালক মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস, মুহাম্মদ সফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক সম্মাননাপ্রাপ্তদের আন্তরিক ধন্যবাদ জানান এবং সারা দেশে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশগ্রহণকারী ফায়ার সার্ভিস সদস্যদের পেশাদারিত্ব ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার; অধিদপ্তরের উপপরিচালকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা