৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ২:৫০
মুন্সিগঞ্জের কৃষকের জন্য সুখবর: ভিয়েতনামে আলু রপ্তানির অনুমোদন পেল বাংলাদেশ
খবরটি শেয়ার করুন:
52

মুন্সিগঞ্জ, ২৯ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

দীর্ঘ প্রতীক্ষার পর ভিয়েতনামের বাজারে আলু রপ্তানির আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আলু আমদানির এই চূড়ান্ত অনুমোদন দেয়। হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিয়েতনামের আইন অনুযায়ী যে কোনো দেশ থেকে কৃষিপণ্য আমদানির আগে দেশটির কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে বিস্তারিত তথ্যসহ নিবন্ধন করতে হয়। সেই নিয়ম মেনে গত ২০২৫ সালের মে মাসে আলু রপ্তানির প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ।

হ্যানয়ে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশের বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় ও দীর্ঘ যাচাই-বাছাই শেষে ভিয়েতনাম সরকার বাংলাদেশের আলুকে আমদানির ‘যোগ্য’ হিসেবে ঘোষণা করে।

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টিকে দেশের কৃষি খাতের জন্য একটি ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, “এই অনুমোদনের ফলে আমাদের আলু রপ্তানিকারকদের সামনে বিশাল এক সুযোগ তৈরি হলো। এর সরাসরি সুফল পাবেন আমাদের স্থানীয় কৃষকরা।”

তিনি আরও জানান, ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে নিয়মিত আলু রপ্তানি শুরু হলে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, আলুর পাশাপাশি তিলসহ অন্যান্য উদ্ভিদজাত পণ্য ভিয়েতনামে রপ্তানির প্রক্রিয়াও চলমান রয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, আলুর এই সফল বাজার প্রবেশ বাংলাদেশের অন্যান্য কৃষিপণ্যের জন্যও পথ সুগম করবে। ভিয়েতনামের বাজারে বাংলাদেশি কৃষিপণ্যের প্রবেশাধিকার বাড়াতে দূতাবাস তাদের কূটনৈতিক ও বাণিজ্যিক তৎপরতা অব্যাহত রাখবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।