শুভেচ্ছা জানিয়ে টানানো সকল ব্যানার নামিয়ে ফেলার নির্দেশ এমপি কামরুজ্জামান রতনের
মুন্সিগঞ্জ, ২৫ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. কামরুজ্জামান তার নাম ও ছবি ব্যবহার করে টানানো সকল শুভেচ্ছা ব্যানার ও পোস্টার দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।
আজ বুধবার ফেসবুকে নিজের নিয়ন্ত্রণাধীন পেজ থেকে এক বিবৃতিতে তিনি এই অনুরোধ জানান।
সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে তার নামে অসংখ্য ব্যানার-পোস্টার লক্ষ্য করার পর তিনি ব্যক্তিগতভাবে এই সংস্কৃতির বিপক্ষে নিজের অবস্থান পরিষ্কার করেন।
তিনি জানান, পরিবেশের সৌন্দর্য রক্ষা এবং অপ্রয়োজনীয় প্রচার এড়াতে দ্রুততম সময়ের মধ্যে এসব প্রচারসামগ্রী নামিয়ে ফেলা প্রয়োজন।
বিবৃতিতে তিনি গতকাল অনুষ্ঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি আয়োজনে তার উপস্থিতিতে সাবেক ছাত্রলীগ নেতা ও আইনজীবি অ্যাডভোকেট শাহিন মোহাম্মদ আমানুল্লাহর বক্তব্যের বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেন।
তিনি বলেন, ওই অনুষ্ঠানে একজন আওয়ামীপন্থী আইনজীবী তার ব্যক্তিগত মত প্রকাশ করলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা আমি অনুষ্ঠানের সার্বিক পরিবেশ ও শালীনতা রক্ষার্থে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাইনি। তবে, ভবিষ্যতে কোনো অনুষ্ঠানে বিতর্কিত বা অস্বস্তিকর বক্তব্য হওয়ার শঙ্কা থাকলে আমি সেই আয়োজন থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখবো।
নবনির্বাচিত এই সংসদ সদস্য আরও উল্লেখ করেন যে, তিনি হৃদয়ে চব্বিশের জুলাইয়ের চেতনা ধারণ করেন। দেশের এই পরিবর্তনের কারিগরদের প্রতি শ্রদ্ধা রেখে তিনি সবাইকে জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার বিনীত অনুরোধ জানান। জনকল্যাণ ও আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠায় তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

