মেঘনায় ট্রলারে গুলিবিদ্ধ মান্নানের মরদেহ, মামলায় প্রধান আসামি লালু
মুন্সিগঞ্জ, ২৯ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ট্রলারের উপর একাধিক মামলার আসামি মান্নানের (৪৫) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে।
নিহত মান্নানের স্ত্রী বাদি হয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় গজারিয়া থানায় মামলাটি করেন। মামলায় হোগলাকান্দি গ্রামের মনির শিকদারের ছেলে লালুকে এক নম্বর আসামি করে ১৫ জন নামীয় ও অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নৌ পুলিশ মামলাটি তদন্ত করবে। ঘটনায় চিহ্নিত ও আটকের চেষ্টা করছে পুলিশ।’
মামলার বাদী ও নিহত মান্নানের স্ত্রী সুমি বেগম বলেন, ‘লালু ও তার লোকজন মান্নানকে খুন করে ফেলতে পারে এমন সন্দেহের কথা কয়েকদিন আগে মান্নান আমাকে জানিয়েছিল। গত কয়েকদিন ধরে সার্বক্ষণিক মান্নানের গতিবিধির উপর নজর রাখছিল তাদের লোকজন। এ পরিকল্পনার সাথে লালুর বউ ও শ্যালক জড়িত। নিখুঁত পরিকল্পনায় সন্ত্রাসী ভাড়া করে এনে মান্নানকে খুন করেছে তারা।’
উল্লেখ্য, মুন্সিগঞ্জের গজারিয়ায় সোমবার (২৮ জুলাই) সকাল দশটার দিকে মেঘনা নদীর বড় কালীপুরা এলাকায় ট্রলারের উপর মান্নানের মরদেহ পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, বালু মহালের দ্বন্দের জেরে স্থানীয় লালু-জুয়েল গ্রুপের লোকজন মান্নানকে হত্যা করেছে।


