৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১১:২৯
মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কর্মচারী মিজানুরের শাস্তির দাবিতে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:
1

মুন্সিগঞ্জ, ৭ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঘুষ গ্রহণের ভিডিও নিয়ে সংবাদ প্রচারের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন ও অপকর্ম-দুর্নীতির বিষয়ে মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী মিজানুর রহমানের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টায় টংগিবাড়ী প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মঈনউদ্দিন সুমন এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাইদ সৌরভের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা অভিযোগ করেন, সিভিল সার্জন অফিসের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ঘুষ গ্রহণের সংবাদ প্রকাশ ও এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ক্ষুব্ধ হয়ে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম-দুর্নীতি তুলে ধরেন বলেই বারবার হয়রানির শিকার হচ্ছেন। এ ধরনের মিথ্যা মামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকি স্বরূপ।

তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে টংগিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, সাবেক সভাপতি এডভোকেট ব.ম শামীম, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কোষাধ্যক্ষ আপন সরদার, সাংবাদিক ফয়সাল হাওলাদার, জাকির হোসেন, জেসমিন সুইটি, শিশির আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।