২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৪:৩৯
মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনকে সমর্থন জানিয়ে বিএনপি থেকে একযোগে ৪ নেতার পদত্যাগ
খবরটি শেয়ার করুন:
89

মুন্সিগঞ্জ, ২৮ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ-৩ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনকে সমর্থন জানিয়ে জেলা ও শহর কমিটি থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ৪ নেতা।

তারা হলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য- আতোয়ার হোসেন বাবুল, শাহাদাত সরকার ও কাজী আবু সুফিয়ান বিপ্লব। অপরজন হলেন- মুন্সিগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এড. মাহবুব উল আলম স্বপন।

আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে মুক্তারপুর এলাকায় সদর উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে গণমাধ্যমকর্মীদের সামনে এ ঘোষণা দেন তারা।

এসময় জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল বলেন, আমরা মুন্সিগঞ্জে বিএনপিকে একটি শক্ত ভিত্তি দিয়েছি। কিন্তু দল যে অগণতান্ত্রিক উপায়ে আমাদের বিভিন্ন নেতার বিরুদ্ধে বহিস্কারাদেশ দিচ্ছে তা শোভনীয় নয়। তাই আমরা নিজেরাই পদত্যাগ করছি। সামান্যতম গণতান্ত্রিক চর্চা যে দলের ভেতরে নাই সে দল আমরা কিভাবে করি?

তিনি বলেন, আমরা যদি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেও থাকি দল আগে আমাদের শোকজ করতে পারতো। কিন্তু এভাবে সরাসরি বহিস্কার অগণতান্ত্রিক।

উল্লেখ্য, দল মনোনীত প্রার্থী থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় গত ২১ জানুয়ারি জেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে বহিস্কার করা হয় মো. মহিউদ্দিনকে। পরবর্তীতে মো. মহিউদ্দিনের সাথে নির্বাচন করায় জেলা যুবদলের সদস্য সচিব পদ থেকে মুহাম্মদ মাসুদ রানা, ২৬ জানুয়ারি জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকির এবং সবশেষ আজ ২৮ জানুয়ারি  বহিস্কার করা হয় সদর উপজেলার মহাকালি ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন ভুইয়া, রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শওকত এবং পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিনকে।