মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজা ও দেশীয় অস্ত্রসহ ‘মাদক ব্যবসায়ী’ গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ৩০ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপ বিরোধী অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে শ্রীনগর সদর উপজেলার দেওভোগ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম পান্নু (৪৯), তিনি ওই এলাকারই বাসিন্দা।
অভিযান চলাকালে তার কাছ থেকে ১৩০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ৯টি মোবাইল ফোন এবং ২টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে শ্রীনগর আর্মি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ তল্লাশি অভিযান চালায়।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম পান্নু এলাকায় একজন চিহ্নিত অবৈধ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সেনাবাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত আইনগত প্রক্রিয়ার জন্য শ্রীনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপ্স অফিসার জানান, জেলায় যেকোনো ধরণের সন্ত্রাস, নাশকতা এবং মাদক ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে সেনাবাহিনীর এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে। একইসাথে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।


