মুন্সিগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, আ. লীগের মামলায় গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ২ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শাওন মাহামুদ (৩৫) নামের এক ব্যবসায়ী ও ফেসবুক এক্টিভিস্টকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবক দল-যুবদলের নেতাকর্মীরা। পরে তাকে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়েরকৃত নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শ্রীনগর বাজার সংলগ্ন এম রহমান কমপ্লেক্সের এরোমা রেষ্টুরেন্ট থেকে ওই ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে ওই রেষ্টুরেন্টটি ঘিরে রাখে ১৫-২০ জন স্বেচ্ছাসেবক দল-যুবদলের নেতাকর্মী।
শাওন এরোমা রেষ্টুরেন্টের ব্যবসায়ীক অংশীদার। তিন মাস আগে ৩ বন্ধু মিলে এই ব্যবসা শুরু করেন। ব্যক্তিগত জীবনে মা-বাবা, দুই ভাই, স্ত্রী ও ৫ বছর বয়সী সারা নামের এক মেয়ে সন্তানের জনক তিনি।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান রাত সাড়ে দশটার দিকে মামলার তথ্য নিশ্চিত করেন।
যে ফেসবুক আইডি থেকে পোস্ট করার অভিযোগে শাওনকে আটক ও পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হয় সেটি ঘুরে দেখা গেছে, শাওন মূলত বিভিন্নসময় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও রাষ্ট্র পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতেন।
বিশেষ করে, ২০২৪ সালের জুলাই আন্দোলন শুরু হওয়ার আরও আগে ৫ জুন ২০২৪ সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সমালোচনা, ৩ আগস্ট জুলাই আন্দোলনকারীদের উপর হেলিকপ্টার থেকে গুলি, আন্দোলন দমাতে প্রাণঘাতি গুলির সমালোচনাও রয়েছে।
সবশেষ যে ফেসবুক পোস্ট দেয়ার অভিযোগকে কেন্দ্র করে তাকে আটক করে পুলিশে দেয়া হয়েছে সেটি এরকম-, ‘শেখ হাসিনা সঠিক বলেছিলো, জিয়া একটা (প্রকাশের অযোগ্য) জন্ম দিয়েছে। গতকাল সংবিধান ছুরে ফেলা প্রসঙ্গে আন্দালিব পার্থর বক্তব্যে টেবিল চাপরিয়ে সমর্থন জানিয়েছেন তারেক (প্রকাশের অযোগ্য), অথচ তার মা খালেদা জিয়া সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার ঘোষণা দিয়েছিল।’
তবে শাওনের ফেসবুক আইডি ঘুরে এ পোস্টটি আর পাওয়া যায়নি।
সবশেষ আজ সকালে তিনি লিখেছেন, ‘একজন মুসলিম হিসেবে কাওকে গালি দেওয়া কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আল্লাহ ক্ষমা করে দিও।’ এই পোস্টটি আটকের পরও তার আইডিতে রয়েছে।

এদিকে, শাওন মাহমুদকে আটক করে আনার পর থানার সামনে স্থানীয় গণমাধ্যমের ফেসবুক পেজে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা মো. উজ্জ্বল বলেন, ‘আল্লাহর রহমতে আজকে আমরা সেই স্বৈরাচারের আমলের ফ্যাসিস্টকে ধরতে সক্ষম হই। যে কিনা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটুক্তি করে অকথ্য ভাষায় পোস্ট করছে ফেসবুকে। আমরা শ্রীনগর থানা পুলিশকে জানাই, তাদের সহযোগিতায় আমরা প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি। বাংলাদেশের জনগণ তারেক রহমানের কোনো খারাপ দিক বলতে পারবে না। এমন একজন মানুষকে নিয়ে কটুক্তি আমরা মেনে নেব না।”
শাওন আহম্মেদের ছোট ভাই সাদ আহম্মেদ বলেন, আমার ভাই কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত না। তার বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা দেয়া অনুচিৎ। সে ব্যক্তিগত আবেগ থেকে পোস্ট করতো তবে কোন রাজনীতির সাথে জড়িত নেই।
শাওন আহম্মেদের স্ত্রী সোনিয়া বেগম বলেন, আমার স্বামী সবসময় সত্য কথা বলতো। তার আইডিতে সবাইকে নিয়েই সমালোচনামূলক পোস্ট আছে। এজন্য তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করতে পারে না। আমি এ ঘটনার বিচার চাই।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, ওই ব্যক্তি গত কয়েকদিন ধরেই বিভিন্ন দেশবিরোধী উস্কানিমূলক কার্যক্রম করছিলো। আমরা তাকে আগে থেকেই খুজছিলাম। আজকে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ ধরতে যায়। এমনসময় ফেসবুক পোস্ট নিয়ে যারা বিক্ষুব্ধ হয়েছেন তারাও যায়। আমরা যাওয়ার পর পাবলিক মব তৈরি করার চেষ্টা করলেও পরে আমরা পরিস্থিতি শান্ত করে তাকে আটক করে নিয়ে আসি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, তিনি কোন মামলার এজাহারভুক্ত আসামি না। তাকে একটা পুরাতন নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কাল আদালতে সোপর্দ করা হবে।


