মুন্সিগঞ্জে সরকারি দামের চেয়ে ৩৭২ টাকা বেশি দামে এলপি গ্যাস বিক্রি, জরিমানা
মুন্সিগঞ্জ, ৮ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে একটি বেকারিকেও জরিমানা করা হয়।
আজ বুধবার দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে দেখা যায়, ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৭২৮ টাকা হলেও ভবেরচর খাদ্য ভান্ডার নামের একটি দোকানে তা ২ হাজার ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। অর্থাৎ প্রতি সিলিন্ডারে ৩৭২ টাকা বেশি নেওয়া হচ্ছিল। এ অপরাধে দোকানটির মালিক মো. রিপন প্রধানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও দেখা যায়, লাইভ বেকারি অ্যান্ড স্ন্যাকস কর্নারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে।
এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক হামিদুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এসময় সহযোগিতা করেন, উপজেলা ক্যাবের সভাপতি মো. নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি টিম।

