৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১০:৫৯
মুন্সিগঞ্জে মাদকের অভিযানে ‘মব’ সৃষ্টি, ‘বৈষম্যবিরোধী সমন্বয়ক’ পরিচয়ধারীসহ গ্রেপ্তার ৩
খবরটি শেয়ার করুন:
28

মুন্সিগঞ্জ, ৭ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটকের সময় পুলিশের কাজে বাঁধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারীসহ ৩ জন এবং ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া গ্রামের চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের কাজে বাঁধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারী ইয়ামিন শেখ (২৭) ও একই গ্রামের মো. বাদশা শেখের ছেলে মো. হোসেন শেখ (২৭)।

মাদকসহ গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- পূর্ব রাজদিয়া গ্রামের মৃত মো. হামিদ বেপারীর ছেলে মো. সোহেল বেপারী (২১)।

পুলিশ জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে ওই এলাকার সোহেল বেপারীকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় ইয়ামিন শেখ নিজেকে ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে অভিযানে হস্তক্ষেপ করেন। তিনি স্থানীয় লোকজনকে জড়ো করে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ইয়ামিন শেখ ও তার সহযোগী হোসেন শেখকে আটক করে।

পরে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৫১ ধারায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়।

সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ বলেন, ইয়ামিন শেখ ২০২৪ সালের আন্দোলনের সময় সক্রিয় ছিল। তবে বর্তমানে তার কোনো সাংগঠনিক পদ রয়েছে কি না, তা নিশ্চিত নই।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক জাকারিয়া আহমেদ সাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, মাদকসহ একজনকে গ্রেপ্তারের পাশাপাশি পুলিশের কাজে বাঁধা দেওয়ায় আরও দুইজনকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।