মুন্সিগঞ্জে পুকুরপাড়ে রাত যাপনের কথা বলে ১০ দিন ধরে থেকে নিখোঁজ মৎস্যজীবী
মুন্সিগঞ্জ, ৭ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাছ ধরতে গিয়ে ১০ দিন যাবত খবির মোল্লা নামক ষাটোর্ধ্ব এক বৃদ্ধ নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে।
গত ৩০ মার্চ রাতে উপজেলার বৌলতলী ইউনিয়নের শুরপাড়া গ্রামে মাছ ধরার কথা বলে পুকুরে রাত যপন করতে যান তিনি। এরপর থেকে নিখোঁজ হন নওপাড়া গ্রামের এ বাসিন্দা।
এ বিষয়ে নিখোঁজ খবির মোল্লার মেয়ে নাসরিন সুলতানা লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ডায়েরিতে বলা হয়, নিখোঁজ খবির মোল্লার বাড়ি লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের হাট নওপাড়া গ্রামে। তিনি পেশায় একজন মৎস্যজীবী। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, স্বাস্থ্য মাঝারি, মুখমণ্ডল গোলাকার এবং মাথার চুল কাঁচা-পাকা। নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিল টি- শার্ট ও নীল-সাদা চেক লুঙ্গি।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পরপরই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল নাম্বার ও বন্ধ রয়েছে।
লৌহজং থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পরিবারের অভিযোগ অনুযায়ী আমরা সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি দ্রুত এ ঘটনার সন্ধান মিলবে।


